হাতে পেয়েও হাতছাড়া অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে দু’দফায় ১০ কোটি করে মোট ২০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিলো। এই অর্থ মহিলা ক্রীড়া সংস্থার নামে এফডিআর (FDR) হিসেবে জমা ছিলো। তবে সংস্থাটিকে না জানিয়েই সম্প্রতি সেই এফডিআরের টাকা সরকারি তহবিলে ফেরত নেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে এ নিয়ে ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া সংস্থায় এক সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা কীভাবে রাষ্ট্রীয় অনুদান বাতিল হলো, তা খতিয়ে দেখতে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। পাশাপাশি মহিলা ক্রীড়া সংস্থার অনুকূলে এই ২০ কোটি টাকার অনুদান দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি।
সংস্থাটির অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই নারীদের ক্রীড়া উন্নয়নের এই অর্থ ফেরত নেওয়ার মাধ্যমে দেশের গোটা নারী সমাজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে।
সভানেত্রী আরো উল্লেখ করেন, অনুদানের শর্তে এমন কোনো ধারা ছিল না, যার মাধ্যমে এই অর্থ ফেরত নেওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অনুকূলে দুই দফায় মোট ২০ কোটি টাকা স্থায়ী আমানত (এফডিআর) করা হয়। এর মধ্যে ২০২২ সালের এপ্রিলে ১০ কোটি এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আরো ১০ কোটি টাকা সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় করপোরেট শাখায় জমা রাখা হয়েছিলো।
নিয়ম অনুযায়ী, এই এফডিআরের লভ্যাংশের ৮০ শতাংশ বাংলাদেশের মহিলা ক্রীড়া উন্নয়নের জন্য ব্যয় এবং বাকি ২০ শতাংশ মূল ‘সিড মানি’র সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। ৫.৫ শতাংশ সুদে তিন মাস পরপর এই লভ্যাংশ পেয়ে আসছিলো মহিলা ক্রীড়া সংস্থা। সেই হিসেবে ২০২৩ সালের ১৬ মার্চ ১৫ লাখ টাকা এবং একই বছরের ৩০ এপ্রিল ৭ লাখ ৭২ হাজার টাকাসহ এ পর্যন্ত মোট ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা লভ্যাংশ পেয়েছে সংস্থাটি।
সংস্থাটি সর্বশেষ ২০২৫ সালের আগস্টে এফডিআরের লভ্যাংশ পেয়েছিল। এর পর থেকে লভ্যাংশ আর পায়নি। ২০২৫ সালের অক্টোবরে মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এর দুই মাস আগে থেকে ফিডিআরের বিপরীতে লভ্যাংশ পায়নি মহিলা ক্রীড়া সংস্থা। মহিলা ক্রীড়া সংস্থা ব্যাংক থেকে মৌখিকভাবে জানতে পারে এই ২০ কোটি টাকার অনুদান ড. ইউনূস সরকার বাতিল করে তৎকালীন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ফেরত নিয়েছে।
মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শুক্লা লিখিত বক্তব্যে বলেন, ‘তৎকালীন মুখ্য সচিব মোঃ সিরাজ উদ্দিন মিঞা ওরফে সিরাজ উদ্দিন সাথী স্বাক্ষরিত আদেশের প্রেক্ষিতে সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরট নগদায়ন করেছেন এবং প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ফেরত নিয়েছেন মর্মে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘প্রফেসর ইউনূস নিজে দুই কন্যার পিতা। নারীর অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নের জন্য সারা জীবন কাজ করেছেন বলে দাবি করেন। তার নোবেল পুরস্কারের অংশীদারও একজন নারী। অথচ তার শাসনামলে বাংলাদেশের মহিলাদের খেলাধুলার জন্য দেওয়া অনুদান কেড়ে নেওয়া হলো। এই ঘটনা আমাদের বিস্মিত, ক্ষুব্ধ ও ব্যথিত করেছে।’
