চিকিৎসকের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত ৪ আনসার সদস্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি : সংগৃহীত
শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসককে রক্ষা করতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শরীয়তপুর সদর উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. লাল মিয়া কাজী নামে এক রোগীর মৃত্যুর পর তার স্বজন ও উপস্থিত কিছু লোকজন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দীনের ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা চিকিৎসককে মারধর করতে করতে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মো. সোহেল ও মো. আজিজুল হক দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তেজিত জনতাকে বাধা দেন। পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্প ইনচার্জ মো. আব্বাস উদ্দিনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় চিকিৎসককে উদ্ধার করেন এবং হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে নিহত ব্যক্তির স্বজনদের শান্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনায় আনসার সদস্য মো. সোহেল বাম হাতে, মো. কাউসার ডান হাতে আঘাত পান। এছাড়া মো. ইমরান কোমরে এবং এপিসি মো. আব্বাস উদ্দিন ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা ও এক্স-রে করানোর পর ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে মাত্র দুইজন অঙ্গীভূত আনসার সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। সংঘবদ্ধ হামলার ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন তারা।
