ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:২১ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং কোরবানির ঈদ পর্যন্ত তা বহাল থাকবে।
মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। তবে ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর গত ৭ মে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে সম্মতি দেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করা হয়।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির মুখে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
