‘ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে শুধু নিজেদের স্বার্থই দেখে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
বর্তমানে এদেশের ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে দেশের স্বার্থ বাদ দিয়ে শুধু নিজেদের স্বার্থ দেখছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ।
শনিবার (৯ মে) বাংলাদেশ আইন পেশায় নিযুক্তদের অরাজনৈতিক সংগঠন ‘আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ আয়োজিত প্রতিষ্ঠা সভায় তিনি এ কথা বলেন।
আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘আগে যেসব পার্লামেন্ট হয়েছে বা ব্রিটিশ আমলে অ্যাসেম্বলি হয়েছে, সেখানে বেশিরভাগ আইনজীবীরা গিয়েছেনে। কারণ আইনজীবীরাই জানে কীভাবে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা এখন যাচ্ছে। ব্যবসায়ীরা গেলে তারা নিজস্ব স্বার্থ দেখে, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।’
সাধারন নাগরিকরা ন্যায়বিচার বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে কোন জজকে কে নিয়োগ দিয়েছে, তার কোর্টে গেলে ভালো হয়। এসব নানা ধরনের সমস্যা হচ্ছে। এসব সমস্যার কারণে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। এ কারণে জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। অধস্তন আদালতে দুনিয়ার মামলা পেন্ডিং আছে। উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে চার-পাঁচ মিলিয়ন মামলা পেন্ডিং আছে। আমাদের দেখতে হবে যারা বিচারপ্রার্থী তারা ন্যায়বিচারটা পাচ্ছে কি না?’
মহসিন রশিদ বলেন, ‘আইনজীবী সংগঠনগুলো বিভক্ত হয়ে গেছে। তাই রাজনীতির বাইরে গিয়ে আইনজীবীদের নিয়ে এই সংগঠন কাজ করবে। যেখানে আইনজীবীদের স্বার্থ, ইনসাফ ও ন্যায়বিচার প্রাধান্য পাবে সেই সংগঠন কোথায়?’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক আজাদ। এরপর বিভিন্ন জেলা বার থেকে আয়োজিত প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।
