আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের জবাব আজ শনিবার (৯ মে) রাতেই ইরান দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আজ রাতেই একটি চিঠির আশা করছি। দেখা যাক কী হয়।’ তবে প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করেননি তিনি।
এর আগে গতকাল রাতে ইরানের দুটি তেলের ট্যাংকারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় জাহাজ দুটি অকেজো করে দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ টানা ৪০ দিন ধরে চলছে। মার্কিন হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। গত ২২ এপ্রিল সেই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এখন ইরানের জবাবের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি।
