২৫ লাখ টাকার অনুদানসহ মুক্তিযুদ্ধ গবেষণার নতুন নির্দেশিকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গবেষণাকে উৎসাহ দিতে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ‘গবেষণা (পরিচালনা, অর্থায়ন ও ব্যবস্থাপনা) নির্দেশিকা ২০২৬’-এ প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ গবেষণা নিশ্চিতের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, গবেষণার ধরনভেদে ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। ক-শ্রেণিতে ১০–২৫ লাখ, খ-শ্রেণিতে ৫–১০ লাখ এবং গ-শ্রেণিতে সর্বোচ্চ ৫ লাখ টাকা বরাদ্দ থাকবে। গবেষণার মেয়াদ যথাক্রমে ১২, ৯ ও ৬ মাস।
অনুদান তিন ধাপে ছাড় করা হবে—প্রথমে ৪০ শতাংশ, মধ্যবর্তী অগ্রগতির ভিত্তিতে আরও ৪০ শতাংশ এবং চূড়ান্ত প্রতিবেদনের পর বাকি ২০ শতাংশ। আগের কিস্তির হিসাব না দিলে পরবর্তী অর্থ দেওয়া হবে না।
মোট বাজেটের সর্বোচ্চ ৫০ শতাংশ সম্মানী হিসেবে ব্যয় করা যাবে। গবেষণার ক্ষেত্র হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যা, শহীদ তালিকা, নারী ও সংখ্যালঘুদের ভূমিকা, ডিজিটাল আর্কাইভসহ জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রভাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
জবাবদিহি নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা শেষ না হলে অনুদান ফেরত দিতে হবে। সব ব্যয়ের হিসাব ভাউচারসহ জমা বাধ্যতামূলক। গবেষণা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় করা যাবে এবং চৌর্যবৃত্তি প্রমাণিত হলে গবেষণা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
