×

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাখতে চায় বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাখতে চায় বিএনপি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এই মুহূর্তে কোনো পরিবর্তনের পথে হাঁটছে না বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বপদে বহাল রাখার পক্ষেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তাকে এখনই অপসারণের পরিকল্পনা নেই বলেও জানা গেছে। তবে তিনি পূর্ণ মেয়াদ শেষ করবেন কি না, কিংবা কতদিন দায়িত্বে থাকবেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির কাছ থেকেই আসবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি হাইকমান্ড আপাতত তাকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, যদি তারা (বিএনপি) মনে করে আমি থাকি, তাহলে থাকব। আর যদি বলে সরে যাওয়া ভালো, তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে সম্মানজনকভাবে বিদায় দেওয়ার পক্ষেই দল। তিনি জানান, গত দেড় বছরে নানা চাপের মধ্যেও তিনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন। সে কারণেই তাকে মর্যাদার সঙ্গে বিদায় জানানোর বিষয়ে দল ইতিবাচক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তার মেয়াদের এখনও দুই বছরের বেশি সময় বাকি রয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত তার দায়িত্বকাল বহাল থাকার কথা।

দলীয় মহলে আলোচনা রয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বিবেচনায় থাকতে পারে। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App