নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন উপদেষ্টারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা অফিস করলেও তারা গুরুত্বপূর্ণ কোনো বৈঠক করবেন না এবং কোনো ফাইলেও সই করবেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিদ্যমান সংবিধানের ৫৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজ পদে বহাল থাকবেন। একইভাবে সংবিধানের ৫৮ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের উত্তরাধিকারীরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন।
কেবিনেট ডিভিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টাদের দায়িত্ব পালন চালিয়ে যেতে কোনো বাধা নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তারা শেষ সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দফতর সূত্রে জানা গেছে, তিনি ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে এসে অফিস করবেন। তবে বর্তমানে উল্লেখযোগ্য কোনো ফাইল জমে নেই বলে জানা গেছে।
আরো পড়ুন : প্রধান উপদেষ্টার বাণী: শঙ্কামুক্ত-বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মনে করেন, নির্বাচনের পর নৈতিক বিবেচনায় নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অফিস শেষে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আইনি দিক থেকে নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে বহাল থাকবেন, তবে নির্বাচনের পর নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকবেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, তিনি মঙ্গলবার সচিবালয় থেকে বিদায় নিয়েছেন এবং আর সেখানে যাবেন না। সরকারি বাসার অফিস থেকেই প্রয়োজনীয় কাজ পরিচালনা করবেন এবং কর্মকর্তারা প্রয়োজন হলে সেখানে ফাইল নিয়ে আসবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, তিনি রবিবার সচিবালয়ে অফিস করবেন। তার ভাষ্য, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আইনগতভাবে উপদেষ্টারা দায়িত্ব পালন করতে পারবেন।
মঙ্গলবার নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকলেও রবিবার সচিবালয়ে আসবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ অফিস করেছেন। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দফতরের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন, তিনি রবিবার সচিবালয়ে অফিস করবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে সাংবিধানিকভাবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা দায়িত্ব পালন করতে পারবেন।
