বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরগুনা ও জামালপুরে দুজন করে এবং বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) পৃথক স্থান থেকে এসব তথ্য জানা গেছে।
পটুয়াখালীতে তিনজনের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামে দুপুর ২টার দিকে বজ্রপাতে সেতারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি বাদশা হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, গরু চরাতে যাওয়ার পথে বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সেবক মো. কবির হোসেন জানান, বজ্রপাতের শব্দে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
একই উপজেলার শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক খালেক হাওলাদার (৫৫)। স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে সকাল ৯টার দিকে গরু চরানোর সময় বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)। তিনি শাহ আলম মজুমদারের ছেলে। পরিবার জানায়, মাত্র এক সপ্তাহ আগে তিনি সন্তানের বাবা হয়েছেন।
বরগুনায় দুজনের মৃত্যু, অসুস্থ ১৫ শিক্ষার্থী
বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামে মো. নূর জামাল (৫৪) এবং পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় জেলে মো. আল আমিন (৩০) বজ্রপাতে মারা যান।
এদিকে সদর উপজেলার ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বজ্রপাত হলে বিকট শব্দে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি এবং সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
জামালপুরে দুজনের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে পৃথক ঘটনায় দুইজন মারা গেছেন। নিহতরা হলেন মরাকান্দী গ্রামের শামীম মিয়া (৩০) এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার সাগর আলী (১৩)।
ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে পানিতে তলিয়ে যান শামীম। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে সাপধরী ইউনিয়নে সড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে শিশু শ্রমিক সাগর আলীর মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ মো. আব্দুল ওয়াদুদ।
অন্য চার জেলায় চারজনের মৃত্যু
বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুর রবিন হাওলাদার (৫৩) মারা যান।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকার মজ্জৎকোল গ্রামে সকালে মেয়েকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন সুমন মণ্ডল (৩৫)। তার মেয়ে সাফিয়া সামান্য আহত হলেও সুস্থ রয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামে মাছ বিক্রি করতে যাওয়ার পথে বজ্রপাতে মৎস্যজীবী জাকির হোসেন খান (৩২) মারা যান।
রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া গ্রামে বাড়ির উঠানে গরু গোয়ালে নিতে গিয়ে বজ্রপাতে নিহত হন সাহেরা বেগম নামে এক গৃহবধূ।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সংশ্লিষ্ট ঘটনাগুলো নিশ্চিত করেছে।
