বাংলাদেশের বিজয় দিবস ‘ছিনতাই’ করে নিলেন মোদি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রতিবছরের ন্যায় এবারো বিজয় দিবসকে স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টও (টুইট) করেছেন তিনি। তবে ওই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি। তার এমন পোস্টে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মোদি লেখেন, আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে ও আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।
নরেন্দ্র মোদির টুইটের সার্বিক অংশ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে মুক্তিযুদ্ধকে ‘ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য’ বলেই মনে করা হয়েছে। পুরো পোস্টে ‘বাংলাদেশ’ শব্দটি পর্যন্ত অনুপস্থিত। এমনকি এই ‘বিজয় দিবস’ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত তা বোঝার কোনো উপায় নেই।
মোদির এমন টুইটের পাশাপাশি দেশটির বেশ কিছু রাজনীতিবিদ ও তারকাদেরও দেখা যায় প্রতি বছর একই সুরে কথা বলতে। যেমন: এই পোস্টের মন্তব্যের ঘরে গুজরাট রাজ্য বিধানসভার এমএলএ পূর্নিশকে লেখতে দেখা যায়, বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের সৈন্যদের বীরত্বগাঁথার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
মোদির এ টুইট ঘিরে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা। অনেকেই তার পোস্টের স্ক্রিনশট নিয়ে অন্য সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের মন্তব্য জানিয়েছে। সেখানে জাতির একটি শ্রেষ্ঠ অর্জনের গৌরব রীতিমতো ভারতীয়রা ছিনতাই করে নেয়ার চেষ্টা করছে- বলেও সমালোচনা করেছেন অনেকে। মোদির মনোভাব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবেও বর্ণনা করেছেন কেউ কেউ।
আরো পড়ুন: ১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়
