লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৫৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
ছবি : সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। হতাহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৭ এপ্রিল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বুধবার (৮ এপ্রিল) এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চলাকালীনই লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।
মাত্র ১০ মিনিটব্যাপী এই অভিযানে অংশ নেয় ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই স্বল্প সময়ে লেবাননের বিভিন্ন স্থানে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।
বেশিরভাগ হামলাই পরিচালিত হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটেছে। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহতদের স্বজনদের ভিড়ে বৈরুতসহ বিভিন্ন শহর ও গ্রামের হাসপাতালগুলো চরম চাপের মুখে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরাও হিমশিম খাচ্ছেন।
আরো পড়ুন : ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
ইরানের সমর্থনপুষ্ট ও মদতপুষ্ট বিশ্বের অন্যতম বৃহৎ সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহ, যার ঘাঁটি লেবাননে। গত শতকের আশির দশকে প্রতিষ্ঠার পর থেকেই গোষ্ঠীটি ইসরায়েলের কট্টর বিরোধী হিসেবে পরিচিত।
হিজবুল্লাহকে দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছান।
এরপর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সূচনা হয়। এর দুই দিন পর, অর্থাৎ ২ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে আবারও অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। মার্চের মাঝামাঝি সময়ে এই অভিযানে স্থল বাহিনীও যুক্ত হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। বুধবারের হামলায় তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে ইরান।
