রাহুলের মৃত্যুতে সৌরভ গাঙ্গুলির মন্তব্যের তীব্র সমালোচনা স্বস্তিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যুতে টালিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এই শোকের মধ্যেই সৌরভ গাঙ্গুলির একটি মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের ভেতরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে স্বস্তিকা মুখার্জির সরাসরি সমালোচনায় আলোচনা আরো জোরালো হয়ে উঠেছে।
শুধু স্বস্তিকাই নন, শোবিজের আরো অনেক পরিচিত মুখ এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন পাওলি দাম এবং মৈত্রেয়ী মিত্র।
রাহুলের মৃত্যুর খবর প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমকে বলেছিলেন, “কেন যে এরা জলে ফলে নামে, আমি বুঝি না। যতই শুটিং হোক না কেন! এটা বিপজ্জনক। জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না।”
তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে রাহুলের ভক্তদের পাশাপাশি কলকাতার শোবিজ অঙ্গনের অনেকেই অসন্তোষ প্রকাশ করেন।
আরো পড়ুন : রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের
এ বিষয়ে মুখ খুলে স্বস্তিকা মুখার্জি একাধিক সাক্ষাৎকারে তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে কী বলা হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। প্রত্যেকেই নিজের পেশাগত দায়িত্ব পালন করেন, যা তাদের জীবিকার সঙ্গে জড়িত। তাই কারও কাজকে ছোট বা তুচ্ছ করে দেখা উচিত নয়।
স্বস্তিকা আরো বলেন, এ ধরনের মন্তব্য পেশাদারদের কাছে অবজ্ঞাসূচক মনে হতে পারে। তিনি বলেন, কেউ হয়তো আরামদায়ক পরিবেশে কাজ করেন, কিন্তু অন্য শিল্পীরা একই সুযোগ-সুবিধা পান না। তাই সবার কাজের প্রতি সম্মান দেখানো প্রয়োজন।
