হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চীন-ইরান বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম
ছবি : সংগৃহীত
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানেরর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত সপ্তম দিনে পৌঁছেছে। এই যুদ্ধের কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মাধ্যমে নৌ-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চীন ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে তাদের তেল ও গ্যাস বহনকারী জাহাজগুলো নিরাপদভাবে চলাচল করতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং বড় পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে প্রবেশমুখে শত শত বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, ফলে তেলের দাম বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন : ইরান-আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?
রয়টার্স ও ব্লুমবার্গের শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৬ মার্চ) একটি চীনা তেলের ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি। ধারণা করা হচ্ছে, চীনা জাহাজগুলো বেইজিং ও তেহরানের আলোচনার প্রেক্ষিতে বিশেষ সুবিধা পাচ্ছে।
চীন ইরানের অপরিশোধিত তেলের বড় ক্রেতা। তারা শুরু থেকেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক সরবরাহ সচল রাখতে চীন কূটনৈতিক প্রভাব ব্যবহার করছে।
