×

খেলা

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:০৮ পিএম

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

ছবি- সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ার মাত্র ১০ দিনের মাথায় বড় ধাক্কা খেয়েছিল দল। ডান পায়ের মাংসপেশির চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব গুঞ্জন ও বিতর্ক উড়িয়ে দিয়ে ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, চোট থাকলেও নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডেই রাখা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে মাঠে নামার পর নেইমারের এই চোটের (গ্রেড-টু) বিষয়টি সামনে আসে। ব্রাজিলের ‘গ্রাঞ্জা কোমারি’ ট্রেনিং বেসে উন্নত পরীক্ষার পর জানা যায়, সান্তোস ক্লাব কর্তৃপক্ষ চোটটি শুরুতে যতটা সাধারণ ভেবেছিল, পরিস্থিতি আসলে তার চেয়েও গুরুতর। ফলে নেইমারের বিকল্প খোঁজা হচ্ছে—এমন গুঞ্জনও ডালপালা মেলে।

তবে কোচ আনচেলত্তি সব বিতর্ক থামিয়ে দিয়ে নেইমারকে দলে রাখার ব্যাপারে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। কোচিং স্টাফ আশা করছে, বিশ্বকাপের শুরু থেকেই নেইমারকে দলে পাওয়া যাবে। এমনকি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারেন।

আনচেলত্তি বলেন, ‘দল ঘোষণার আগে সান্তোসের কাছ থেকে আমরা জেনেছিলাম যে ওর কিছুটা সমস্যা রয়েছে। তবুও আমাদের পরিকল্পনায় সে জরুরি ছিল বলেই তাকে ডাকা হয়। এরপর গত ২৭ মে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) নেইমারের চোটের আসল গভীরতা সম্পর্কে জানতে পারে। আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের বিশ্বাস, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সে আমাদের সাথেই থাকছে।’

ব্রাজিল কোচ আরও যোগ করেন, ‘আমাদের ধারণা, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ও খেলতে পারবে। যদি প্রথম ম্যাচে নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচের আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। বর্তমান স্কোয়াডে আমি কোনো পরিবর্তন আনতে চাই না।’

শারীরিক ফিটনেস প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘শতভাগ ফিট থাকার ব্যাপারে আমার আগের বক্তব্য হয়তো ভুল বোঝা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, এমন খেলোয়াড়কে দলে ডাকাই যায় যে এই মুহূর্তে শতভাগ ফিট নয়, কিন্তু বিশ্বকাপ চলাকালীন ফিট হয়ে উঠবে। তবে দুর্ভাগ্যবশত মিলিতাও, রদ্রিগো এবং এস্তেভাওয়ের ক্ষেত্রে সেই সুযোগটি আর থাকছে না। চোটের কারণে তারা বিশ্বকাপ মিস করছেন।’

ব্রাজিলের মেডিকেল টিম বর্তমানে নেইমারের চোটের ওপর কড়া নজর রাখছে। আগামী ১৩ জুন শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে লক্ষ্য করেই এগোচ্ছেন নেইমার। সেই লক্ষ্যেই তাকে পুরোপুরি ফিট করে তুলতে পানামা ও মিসরের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে বিশ্রামে রাখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App