পশ্চিম এশিয়া নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিতর্কিত মন্তব্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিম এশিয়ার ভূখণ্ড নিয়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বিতর্কিত মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তার বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানসহ ১৩টি মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়েছে। পাশাপাশি ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি) এবং ‘দ্য লিগ অব আরব স্টেটস’ও এ মন্তব্যের নিন্দা জানিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, এই ভূখণ্ডের (পশ্চিম এশিয়া) ওপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে।
তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তান, মিশর, জর্ডন, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরিন, লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে হাকাবির মন্তব্যকে ভয়ঙ্কর ও প্ররোচনামূলক বলে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
সাক্ষাৎকারে ওল্ড টেস্টামেন্টের উল্লেখ করে পশ্চিম এশিয়ার ওপর ইহুদি জনগণের ন্যায্য অধিকারের কথা বলেন হাকাবি। তিনি যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী নেতা ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তাকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরো পড়ুন : বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
উল্লেখ্য, সম্প্রতি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে লেবাননে ইসরায়েলি বিমান হামলার পরপরই হাকাবির এই মন্তব্য সামনে আসে। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে। ফলে অঞ্চলটিতে যুদ্ধের আশঙ্কাও জোরদার হয়েছে।
রমজান মাসে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি সরকারের বিধিনিষেধ নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে। নতুন করে লেবাননে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাক্ষাৎকারে ইসরায়েলের ভৌগোলিক সীমা প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাকাবি বলেন, ওরা (ইসরায়েল) যদি সবটা দখল করে নেয়, তবে ভালোই হবে! তবে পরক্ষণেই তিনি দাবি করেন, ইসরায়েল এমন কোনো দাবি করেনি এবং তারা তা চায়ও না।
প্রশ্নোত্তরের এক পর্যায়ে উল্লেখ করা হয়, বাইবেলে ইব্রাহিমের বংশধরদের জন্য নির্ধারিত ভূখণ্ড ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত। যার মধ্যে বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডন এবং সৌদি আরবের কিছু অংশও রয়েছে। হাকাবির বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
