বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালত গত বছর তার আরোপ করা শুল্ক বাতিল করার রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন এই সিদ্ধান্ত জানান। খবর দ্য গার্ডিয়ানের।
প্রথমে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক পুনর্বহালের ঘোষণা দেন ট্রাম্প। পরে একই দিনে সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বহু বছর ধরে বিভিন্ন দেশ বাণিজ্যে ঠকিয়েছে এবং তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন হারে শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক ১৫০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি ভিত্তি দিতে তার প্রশাসন কাজ চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যায়।
তবে আদালত তার এ পদক্ষেপকে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার হিসেবে আখ্যা দিয়েছে। রায়ে বলা হয়, এ ধরনের শুল্ক আরোপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।
