×

আইন-বিচার

জুলাই অভ্যুত্থানের তিন মামলার বিচারকাজ পেছালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

জুলাই অভ্যুত্থানের তিন মামলার বিচারকাজ পেছালো

ছবি: ফাইল ফটো

জুলাই অভ্যুত্থান সংক্রান্ত তিনটি মামলার বিচারকাজ পিছিয়েছে। সাক্ষী উপস্থিত করতে না পারায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সপ্তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা ১০ দিন পিছিয়ে আগামী ১৫ জুন নির্ধারণ করা হয়। এই মামলায় জয় ও পলকের বিরুদ্ধে ২০২৪ সালের গণআন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য গোপন, হত্যায় উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের দিন থাকায় পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জয় পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার চলছে।

অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিও পেছানো হয়েছে। এই মামলায় গ্রেপ্তার আসামি চারজন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, ফজলে করিম বয়সজনিত নানা রোগে ভুগছেন এবং কারাগারে নেওয়ার পথে ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে তিনি পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। অপরদিকে প্রসিকিউশন থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করায় শুনানির প্রস্তুতি নেওয়া যায়নি বলে জানান রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এসব কারণ বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি ১৮ দিন পিছিয়ে আগামী ২২ জুন তারিখ নির্ধারণ করেছে। শুনানির দিন থাকায় অপর তিন আসামি- যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ ও মো. ফারুককে হত্যা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা; এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির মামলায় প্রসিকিউশনের তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়েছে। প্রসিকিউশনের সময়ের আবেদনে দুই দিন পিছিয়ে আগামী ৭ জুন শুনানির নতুন দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সব আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পানিসম্পদমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

পুলিশে ৭ কর্মকর্তার পদোন্নতি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App