ভারতে বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের মণিপুরে বিশেষ অভিযান চালিয়ে থানা এবং ফাঁড়ি থেকে লুঠ হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে লামসাং থানার লামডেং এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলাকালীন পুলিশ লাইন্স থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুঠ হয়। পরবর্তীতে একটি বিশেষ অভিযানে একে (AK) সিরিজের ২৭টি রাইফেলসহ মোট ৬৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মণিপুর পুলিশের দাবি, ধৃত জঙ্গিরা নিষিদ্ধ সংগঠন 'ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' (UNLF)-এর সদস্য।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ মে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। এর পরপরই ইম্ফল উপত্যকার একাধিক পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগারে হামলা চালিয়ে প্রায় ৪ হাজার অস্ত্র লুঠ করা হয়েছিল। লুঠ হওয়া এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে পুলিশ শুরু থেকেই জোর তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত মাত্র ১,৫০০টির মতো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের আশঙ্কা, লুঠ হওয়া অস্ত্রের একটি বড় অংশই স্থানীয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গেছে। অবশ্য এর আগেই প্রশাসনের পক্ষ থেকে ওইসব অস্ত্র জমা দেওয়ার জন্য একাধিকবার সাধারণের উদ্দেশ্যে আবেদনও জানানো হয়েছিল।
