দুর্নীতির মামলায় ‘শ্যোন এরেস্ট’ জ্যাকব
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:২১ পিএম
ছবি: ফাইল ফটো
সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে এক দিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জ্যাকবের জামিন আবেদন করা হলে তা শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ মে জ্যাকবকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো ও কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এস. এম. রাশেদুর রেজা। এ বিষয়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেন।
শনিবার শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হাফিজুর রহমান গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ এবং একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করলে আদালত তা শুনানির জন্য ১৬ জুন ধার্য করেন।
গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক এস, এম রাশেদুর রেজা মামলা দায়ের করেন।
মামলায় ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
