একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৩০ এএম
ছবি : সংগৃহীত
নেপাল হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী। বুধবার একদিনেই তারা চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান পরিচালিত হয়। খবর বিবিসির।
এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন একদিনে সর্বোচ্চ আরোহনের রেকর্ড ছিল।
এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বড় আকারের বরফখণ্ড জমে থাকায় কিছু সময়ের জন্য পথ বন্ধ ছিল।
চীনের তিব্বত অংশের রুট এ বছর বিদেশি আরোহীদের জন্য বন্ধ থাকায় পুরো চাপ পড়ে নেপাল রুটে। ফলে এবার প্রায় ৫০০ বিদেশি পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা এটিও নতুন রেকর্ড।
বিশেষজ্ঞরা অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তুষারঢাকা ঢালে দীর্ঘ সারিতে অপেক্ষমাণ আরোহীদের দেখা গেছে। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে অবস্থিত ‘ডেথ জোন’-এ সবচেয়ে বেশি ভিড় ছিল।
এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে, ডেথ জোনে ২০ ঘণ্টার বেশি অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে অনুমতির ফি বাড়ানো হলেও এভারেস্টে আরোহণের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে আরোহণের অনুমতি ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারীরা বলছেন, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা গেলে অতিরিক্ত ভিড়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ বছর অভিজ্ঞ ও নতুন- উভয় ধরনের পর্বতারোহীরাই এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে নেপালের খ্যাতিমান গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজের বিশ্বরেকর্ড আরও সমৃদ্ধ করেছেন।
একই দিনে লাকপা শেরপা নামের এক নারী পর্বতারোহী ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন।
