×

অর্থনীতি

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের বাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪৫ এএম

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের বাজার

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে মাছের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে ১০ থেকে ১৫ টাকা এবং ব্রয়লার মুরগির কেজিতে প্রায় ১০ টাকা দাম কমেছে। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়।

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ১৯৫ টাকার বেশি। একইভাবে কমেছে সোনালি মুরগির দামও। এ জাতের মুরগি এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৩০ টাকায়। ডিমের দামও কিছুটা কমেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম কমেছে।

রায়েরবাজারে মুরগি কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন বলেন, “ঈদের পর যখন কিনেছিলাম, তখন কেজি ছিল ২০০ টাকা। আজ ১৭৫ টাকায় কিনলাম। কিছুটা কমেছে।”

মুরগি বিক্রেতা আনিসুর রহমান জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় মুরগির দাম কমেছে।

অন্যদিকে মাছের বাজারে বিভিন্ন প্রজাতির মাছের দাম তুলনামূলক বেশি দেখা গেছে। প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা, রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং দেশি টেংরা ৬০০ টাকায়।

এ ছাড়া বেলে মাছ ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা এবং টাকি মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে বিভিন্ন ধরনের ছোট মাছ মিশিয়ে তৈরি ‘পাঁচ মিশালি’ মাছও প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের বাজারেও দামের তারতম্য রয়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিতে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। এছাড়া ছোট আকারের জাটকা ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৮০০ টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, ইলিশের দাম মূলত আকার ও সরবরাহের ওপর নির্ভর করে নির্ধারণ করা হচ্ছে।

মাছ ব্যবসায়ী ইউসুফ মিয়া বলেন, বাজারে মাছের দাম প্রতিদিন ওঠানামা করে। কোনো দিন সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কমে যায়। আজ পাঙাশ বেশি এসেছে, তাই তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে। অন্য মাছগুলোর দাম মোটামুটি আগের মতোই রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App