×

আন্তর্জাতিক

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:০৪ এএম

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায় রয়েছে- আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দেওয়া এমন মতামতের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

এ সংক্রান্ত একটি প্রস্তাব ১৪১-৮ ভোটে গৃহীত হয়েছে। তবে বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবে আইসিজের ২০২৫ সালের জুলাইয়ে দেওয়া পরামর্শমূলক মতামতকে সমর্থন জানানো হয়েছে।

ওই মতামতে বলা হয়েছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা রাষ্ট্রগুলোর আইনি দায়িত্বের মধ্যে পড়ে।

যদিও আইসিজের এ মতামত আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবুও এটি ইতোমধ্যে বিভিন্ন দেশে জলবায়ু বিষয়ক মামলায় উদ্ধৃত হচ্ছে এবং বিচারিক সিদ্ধান্তেও গুরুত্ব পাচ্ছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে।

গত বছর বেলেমে অনুষ্ঠিত ইউএনএফসিসিসি জলবায়ু সম্মেলনেও বিষয়টি খুব বেশি গুরুত্ব পায়নি। এমনকি চূড়ান্ত নথিতে এটি অন্তর্ভুক্ত করাকে ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেছিল সৌদি আরব।

স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ২৮টি দেশ অংশ নেয়নি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেন, লাইবেরিয়া ও বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।

অন্যদিকে অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ১৪১টি দেশ এর পক্ষে অবস্থান নেয়। কপ-৩১ জলবায়ু সম্মেলনের আয়োজক তুরস্ক, ভারত, কাতার ও নাইজেরিয়া ভোটদানে বিরত থাকে।

ভোটের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্সে দেওয়া পোস্টে প্রস্তাবটি গৃহীত হওয়াকে স্বাগত জানান। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন, জলবায়ু ন্যায়বিচার, বিজ্ঞান এবং জনগণকে জলবায়ু সংকট থেকে রক্ষায় রাষ্ট্রগুলোর দায়িত্বের একটি শক্তিশালী স্বীকৃতি।

তিনি আরো বলেন, এর মাধ্যমে সরকারগুলো তাদের নাগরিকদের ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি থেকে সুরক্ষার দায় স্বীকার করেছে।

এদিকে, ট্রাম্প প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তিসহ একাধিক পরিবেশবিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় এবং জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর নীতি গ্রহণ করে।

জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত ট্যামি ব্রুস বলেন, প্রস্তাবটিতে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে রাজনৈতিকভাবে প্রভাবিত কিছু দাবি রয়েছে।

তিনি আরো বলেন, উত্থাপিত আইনি বিষয়গুলো নিয়ে মহাসচিবের প্রতিবেদন দেওয়ার প্রয়োজনীয়তা ওয়াশিংটন দেখছে না।

এর আগে ফেব্রুয়ারিতে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি পাস ঠেকাতে ট্রাম্প প্রশাসন কূটনৈতিকভাবে ভানুয়াতুর ওপর চাপ সৃষ্টি এবং অন্যান্য দেশকে প্রভাবিত করার চেষ্টা চালায়।

ভোটের আগে জাতিসংঘে ভানুয়াতুর রাষ্ট্রদূত ওদো তেভি বলেন, জলবায়ু সংকটের বাস্তবতা সম্পর্কে বিশ্বকে আন্তরিক হতে হবে। কারণ এর ক্ষতি ইতোমধ্যেই দ্বীপ ও উপকূলীয় অঞ্চলগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে বহু মানুষ খরা ও ফসলহানির মুখোমুখি।

তিনি বলেন, যেসব দেশ ও জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে, তারা এই সংকট সৃষ্টিতে সবচেয়ে কম দায়ী।

ভানুয়াতুর জলবায়ু পরিবর্তনমন্ত্রী রালফ রেগেনভানু বলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

দীর্ঘদিন ধরে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিজেদের ভূখণ্ড হারানোর আশঙ্কায় রয়েছে।

তুভালুর স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র দুই মিটার উঁচু। ধারণা করা হচ্ছে, ২১০০ সালের মধ্যে দেশটির বড় অংশ জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির এক-তৃতীয়াংশের বেশি মানুষ ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিশেষ জলবায়ু অভিবাসন ভিসার জন্য আবেদন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App