ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রী বাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। এর আগে, শনিবার বিকেলে শহরকেন্দ্রে মাক্কাসান রেলস্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ‘সংঘর্ষের ফলে সৃষ্ট আগুনে শনিবার যাত্রীবাহী বাসটি পুড়ে যায়।’
এই ঘটনায় কাছাকাছি থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলকর্মী ও উদ্ধারকারী দলকে পাঠানো হয়। তারা একদিকে যেমন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন, অন্যদিকে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনছিল।
বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীরা এখন এলাকাটি ঠান্ডা করা, গ্যাস নির্গমন নিশ্চিত করা এবং হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
উপপরিবহন মন্ত্রী সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রচণ্ড যানজটের কারণে বাসটি রেললাইনের ওপর এসে আটকে পড়েছিল। ফলে লেভেল ক্রসিংয়ের প্রতিবন্ধকগুলো (ব্যারিয়ার) সময়মতো ফেলা সম্ভব হয়নি।
তিনি আরও যোগ করেন, ঠিক একই সময়ে অপর দিক থেকে আসা কন্টেইনারবাহী ট্রেনটিও গতি নিয়ন্ত্রণ করে সময়মতো থামতে পারেনি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আসল ও পূর্ণাঙ্গ কারণ জানতে এখনও তদন্ত চলছে।
