স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
ইরান ইস্যুতে মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করায় ইতালি ও স্পেন থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়াশিংটনকে সহযোগিতা না করায় মিত্র দেশ দুটির নিরাপত্তা বলয় থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা ভাবছেন তিনি।
ট্রাম্পের এমন ক্ষোভের মূলে রয়েছে মধ্যপ্রাচ্য ইস্যুতে রোম ও মাদ্রিদের কড়া সমালোচনা। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প তার ‘সাহসের ঘাটতি’ রয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় সিসিলির বিমানঘাঁটি ব্যবহার করে ইরানের যুদ্ধে অস্ত্রবাহী মার্কিন বিমান চলাচলের অনুমতি দেয়নি ইতালি। অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন।
ইতালিতে বর্তমানে সাতটি মার্কিন ঘাঁটিতে ১৫ হাজার এবং স্পেনে ৩ হাজার ২০০ সৈন্য মোতায়েন রয়েছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন,'ট্রাম্পের অভিযোগ সত্য নয়। আমরা নৌপরিবহন সুরক্ষায় নিজেদের প্রস্তুত রেখেছি এবং মার্কিন সামরিক বাহিনীও এর প্রশংসা করেছিল। তার নাখোশ হওয়ার কারণ আমি বুঝতে পারছি না।'
ইতালি ও স্পেনের এই অবস্থান তাদের জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের কাতারে নিয়ে এসেছে, যিনি আগেই ট্রাম্পের বিরক্তির লক্ষ্যবস্তু হয়েছেন। গত সপ্তাহে রয়টার্সের প্রকাশিত পেন্টাগনের এক নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিরোধের জেরে স্পেনকে সাময়িকভাবে ন্যাটো থেকে বাদ দেওয়ার কথাও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
সূত্র অনুযায়ী, কেবল সামরিক অসহযোগিতাই নয়, পোপ সম্পর্কে ট্রাম্পের বিরূপ মন্তব্যের সমালোচনা করাও ইতালির সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েনের অন্যতম কারণ। ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান দূরত্ব ন্যাটোর ভবিষ্যৎ এবং আটলান্টিক পাড়ের নিরাপত্তা কাঠামোকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।
