তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ভাঙার নোটিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:২৬ পিএম
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
অনুমোদন না নিয়ে নির্মাণের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিশ দিয়েছে কলকাতার পুরসভা (পৌরসভা)।
সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিশ জারি করেছে—একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে এবং অপরটি তার মা লতা ব্যানার্জীর নামে।
নোটিশে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮(এ) নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশবিশেষ নির্মাণ করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। নির্দেশ না মানলে মিউনিসিপাল কমিশনার নিজে ওই বর্ধিত অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং সেই খরচ বাড়ির মালিককে বহন করতে হবে বলেও জানানো হয়েছে।
আরো পড়ুন : নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার
এছাড়া সাত দিনের মধ্যে বাড়িগুলোর সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পশ্চিমবঙ্গের সদ্য বিদায় নেওয়া মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনি ২০১১ সালে তৃণমূলের যুব সংগঠনে যোগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাধারণ সম্পাদক হন। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার আসনের সংসদ সদস্য।
সদ্য শেষ হওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলীয় অস্থিরতার মধ্যেই এই নোটিশকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
