রায়হান রাফী ও তমা মির্জা, প্রেমের পথের নতুন মোড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত
গত কয়েক বছর ধরে ঢালিউডের আলোচনায় ছিলেন নির্মাতা রায়হান রাফী এবং চিত্রনায়িকা তমা মির্জা। পারিবারিক অনুষ্ঠান, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন সময় হাত ধরাধরি করে তাদের দেখা যেত। নেটিজেনরা অনেকেই মনে করতেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে তমাকে সরাসরি প্রশ্ন করা হয়, “রায়হান রাফীর সঙ্গে এখনো তোমার সম্পর্ক আছে কি?” প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তমা। দ্বিধাগ্রস্ত কণ্ঠে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, “মানে কী বলব? ট্রু না ফলস?”
উপস্থাপক যখন ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ দেন, তখন তমা সরাসরি জানান, “আচ্ছা… না।”
তমার এই স্পষ্ট ‘না’ শুনে শুধু উপস্থাপকই নয়, তার ভক্তরাও অবাক হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা নিবিড় সম্পর্কের এই অবসান বা অস্বীকার অনেকের জন্য চমক। প্রশ্ন উঠেছে, তবে কি তাদের বন্ধুত্বও এখন ভিন্ন পথে?
বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তমা কিছুটা নমনীয়ভাবে বলেন, “আছে, কিন্তু আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।” এই মন্তব্যে স্পষ্ট যে, রাফীর সঙ্গে তার সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা পড়েছে।
