ইয়াবাসহ মাদক কারবারি আটক
সদরপুর, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ এপ্রিল) বিকেলে বিভাগীয় উপপরিচালক শিরিন আক্তারের তত্ত্বাবধানে একটি রেইডিং টিম টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘Satkhira Line’ নামের একটি নন-এসি বাসে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাসটির সি-৪ আসনে বসা মো. আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪৩)-কে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫০টি প্যাকেট থেকে মোট ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৩ কেজি। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটককৃত আশরাফুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) অনুযায়ী ভাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
