দেশের ৬৪ জেলায় হবে ‘স্পোর্টস ভিলেজ’, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি- সংগৃহীত
দেশের প্রতিটি জেলায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ৬৪টি ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নির্বাচনী ইশতেহার অনুযায়ী, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী জানান, স্পোর্টস ভিলেজ নির্মাণের এই প্রকল্পে বিশেষ গুরুত্ব পাবে ক্রিকেট। পাশাপাশি কক্সবাজারে একটি ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স’ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কমপ্লেক্সের ভেতরেই গড়ে তোলা হবে বিশ্বমানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম।
এ ছাড়া রাজধানী ঢাকার পূর্বাচলে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চলা অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া অবকাঠামোর এই উন্নয়ন কাজের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়া গ্রামগুলো কেবল অনুশীলনের জায়গা হবে না, বরং এখানে তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সারাদেশের ক্রীড়া সংস্কৃতি আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সূত্র জানায়, খুব শিগগিরই প্রকল্পগুলোর বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।
