×

ঢাকা

দখল-দূষণমুক্ত বুড়িগঙ্গার দাবিতে পরিবেশবাদীদের পদযাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম

দখল-দূষণমুক্ত বুড়িগঙ্গার দাবিতে পরিবেশবাদীদের পদযাত্রা

ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত করে এর প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে গণ-পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও নাগরিক সংগঠনের নেতারা বলেছেন, ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা বর্তমানে ভয়াবহ সংকটে রয়েছে। শিল্পকারখানা, ট্যানারি, ডাইং, প্লাস্টিক এবং গৃহস্থালি বর্জ্যের কারণে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।

তাদের মতে, অনেক জায়গায় নদীর পানি কালচে রঙ ধারণ করেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর তলদেশে পলি ও নানা বর্জ্য জমে নাব্যতা কমে যাচ্ছে। পাশাপাশি নদীর তীর ও ভেতরে অবৈধ দখল বাড়তে থাকায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই নদী ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়ছে।

শনিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ঢাকার বসিলা থেকে হাইক্কার খাল পর্যন্ত আয়োজিত গণ-পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

আরো পড়ুন: শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ উদ্বোধন

সমাবেশে ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, দেশের নদীগুলোকে রক্ষা করতে হলে যারা নদী ধ্বংসে ভূমিকা রেখেছে এবং যেসব কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন রয়েছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের নদী বাঁচাতে হলে জুলাই আন্দোলনের চেয়েও বড় গণআন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে শরীফ জামিল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বুড়িগঙ্গা নদীর প্রাণ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আজকের এই গণ-পদযাত্রার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, শুধু বড় অঙ্কের বাজেট নির্ধারণের জন্য প্রকল্প গ্রহণ না করে আদালতের নির্দেশনা মেনে চলা এবং নদীপাড়ের স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ২০০৯ সালে হাইকোর্ট নদী দখলমুক্ত করার নির্দেশনা দেন এবং ২০১৯ সালে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এখনো এসব রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান তারা।

বক্তাদের মতে, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দখল ও দূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে বুড়িগঙ্গা নদীকে পুনরুদ্ধার করা সম্ভব। আয়োজকরা জানান, এ দিনের গণ-পদযাত্রা প্রতীকী কর্মসূচি হলেও বুড়িগঙ্গা রক্ষায় এটি একটি ধারাবাহিক আন্দোলনের সূচনা।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের সদস্যসচিব শরীফ জামিলের সভাপতিত্বে এবং রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, অতিরিক্ত সচিব (অব.) মামুনুর রহমান খলিলি, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও রিভারাইন পিপলের সভাপতি আনোয়ার হোসেন।

আরো পড়ুন: কুতুবদিয়ার সৈকতে ৮ দিন ধরে পড়ে আছে ২ টনের মৃত তিমি

এ ছাড়া বক্তব্য দেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, গর্জন সমাজকল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, এনভাইরনমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভের নির্বাহী পরিচালক মনির হোসেন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, ওয়াটারকিপার্স বাংলাদেশের ম্যানেজার ইকবাল ফারুক, ব্রাইটার্সের সদস্য যুবাইয়ের ইসলাম, ক্লাইমেট ফ্রন্টিয়ারের অপারেশন লিড যুবায়ের ইসলাম, অর্গানাইজেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশনের নির্বাহী পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম, ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক যুধিষ্টির চন্দ্র বিশ্বাস, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক রবিউল ইসলাম এবং বুড়িগঙ্গা নদী মোর্চার আমজাদ আলী লাল, উম্মে সালমা, মোমতাজ উদ্দিন ও ইশরাত জাহান লতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইরানে টানা স্থল হামলা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে টানা স্থল হামলা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App