প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তায় সমন্বয় কমিটি গঠন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৫৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের বিষয়টি জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
১৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে। কমিটিতে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন সরকার গঠনের পর বিভিন্ন খাতে একাধিক মন্ত্রিসভা কমিটি গঠন করা হলেও, দায়িত্বশীল সূত্রের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ধরনের নামের কোনো কমিটি পূর্ববর্তী কোনো সরকারের সময় ছিল না।
কমিটির কর্মপরিধি
জাতীয় সমন্বয় কমিটি দেশের নিরাপত্তা পরিস্থিতি সার্বিকভাবে মূল্যায়ন করবে এবং নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষেত্র ও পরিধি নির্ধারণ করে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
এছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকার নির্ধারণ, আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থার কার্যপরিধি নির্ধারণ করবে কমিটি।
প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি সংশোধন এবং নতুন আইন প্রণয়নের বিষয়ে সুপারিশ দেওয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোর নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করবে এ কমিটি।
আরো পড়ুন : ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না
গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা এবং দিকনির্দেশনা প্রদান করাও কমিটির অন্যতম দায়িত্ব। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এ কমিটির সচিবালয় সংক্রান্ত জনবল ও অবকাঠামোগত সহায়তা দেবে।
সদস্য তালিকা
কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি এবং র্যাবের মহাপরিচালকসহ স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে সদস্য করা হয়েছে।
এছাড়া কমিটিকে সহায়তাকারী হিসেবে চারজন কর্মকর্তাকে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
