×

চট্টগ্রাম

কুতুবদিয়ার সৈকতে ৮ দিন ধরে পড়ে আছে ২ টনের মৃত তিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

কুতুবদিয়ার সৈকতে ৮ দিন ধরে পড়ে আছে ২ টনের মৃত তিমি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলী পাড়া সৈকতে প্রায় দুই হাজার কেজি ওজনের একটি বিশাল মৃত তিমি টানা আট দিন ধরে পড়ে আছে। দীর্ঘ সময় ধরে খোলা স্থানে পড়ে থাকায় তিমিটির দেহে পচন ধরেছে এবং আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় তিমিটির পেট ফেটে গিয়ে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জোয়ারের স্রোতে ভেসে আসা তিমিটি সৈকতে উঠে আসে। পরে ভাটার সময় সেটি বালুচরে আটকে পড়ে। এরপর থেকে তিমিটি সেখানেই পড়ে আছে। দীর্ঘ সময় ধরে খোলা জায়গায় থাকায় এর শরীর পচতে শুরু করেছে। পচা রক্ত ও পুঁজ গড়িয়ে সমুদ্রের পানিতে মিশছে বলে স্থানীয়রা জানান, যা উপকূলীয় পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

সৈকতে ফিশিং বোট নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিক জয়নাল আবেদীন ও মোহাম্মদ খলিল জানান, গত আট দিন ধরে তিমিটি এখানে পড়ে আছে। পচা দেহ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধের কারণে সেখানে কাজ করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

বেড়িবাঁধ সংলগ্ন এক দোকানি রুহুল আমিন বলেন, প্রায় ছয় দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাড়ি নিয়ে এসে তিমিটির ওপর বালি চাপা দেওয়ার চেষ্টা করেন। তবে জোয়ারের প্রবল ঢেউয়ে সেই বালি ধুয়ে যাওয়ায় মৃত তিমিটি আবারও উন্মুক্ত হয়ে পড়ে।

আরো পড়ুন: সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে মৃত তিমিটি অপসারণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির নিচে পুঁতে না ফেললে আশপাশের এলাকায় পানিবাহিত ও বায়ুবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তার মতে, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

এদিকে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ জানান, বিষয়টি জানার পর তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্রেন ও গাড়ি এনে বালি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিমিটি আকারে বড় হওয়া এবং জোয়ারের পানির চাপে সেই উদ্যোগ সফল হয়নি।

তিনি আরো বলেন, কুতুবদিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলিজনিত কারণে বর্তমানে দায়িত্বে নেই এবং সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে আছেন। এ কারণে তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শতকোটি টাকার মানহানির মামলা, আমির হামজার বিরেুদ্ধে সমন জারি

শতকোটি টাকার মানহানির মামলা, আমির হামজার বিরেুদ্ধে সমন জারি

কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে বৃদ্ধ নিহত

কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে বৃদ্ধ নিহত

দেশজুড়ে নৌ পুলিশের অভিযান, শতাধিক আটক

দেশজুড়ে নৌ পুলিশের অভিযান, শতাধিক আটক

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App