ডাক বিভাগের মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক শুধাংশু শেখর ভদ্র। ছবি: সংগৃহীত
ডাক বিভাগের ‘পোস্ট-ই-সেন্টার’ প্রকল্পের সার্ভার ও ইউপিএস কেনায় ১৫ কোটি টাকার অনিয়ম করার অভিযোগে দুদকের মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক শুধাংশু শেখর ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। এরপর আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন মঞ্জুর করেন।
আরো পড়ুন: ঈদ ও পূজার ছুটি বাড়লো
এর আগে গত ২০ আগস্ট দুদকের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের পরিচালক শুধাংশু শেখর ভদ্রসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ডাক বিভাগের ‘পোস্ট-ই-সেন্টার’ শীর্ষক প্রকল্পের বরাদ্দ করা ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় ৫০০টি এইচইপি সার্ভার ও ইউপিএস কিনে তা ব্যবহার না করে, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ২৩ ধারা লঙ্ঘন পূর্বক সরকারি অর্থের অপব্যবহার করেছেন।
