ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফিজিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের গাড়িচালক নুর আলম এবং তাঁর ছেলে নীরব। আহত ব্যক্তি নুর আলমের ভাগিনা বলে জানা গেছে। তাঁদের বাড়ি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ১০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নুর আলম ও তাঁর ছেলে নিহত হন।
জানা গেছে, দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলের সামনে ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ লেখা ছিল। নুর আলম ছেলে ও ভাগিনাকে নিয়ে হাফিজিয়া এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
