জামিনে বের হয়ে তিন দিন পরই খুন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৫)।
গতকাল সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লতিফ ওই গ্রামের মৃত ধনু ভুঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পক্ষের লোকজনের সঙ্গে সাইফুল মেম্বারের অনুসারীদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
২০২২ সালের ৬ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা (৩০) নিহত হন। ওই হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ। তিনি জামিনে মুক্ত হয়ে তিন দিন আগে এলাকায় ফেরেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, “সোমবার রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে। পরে তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।” তিনি আরও বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
