রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম
ফাইল ছবি
রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইট কার্যকর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিগন্যাল অমান্য করা, উলটো পথে চলাচল কিংবা নির্ধারিত স্থান ছাড়া পারাপার হলে ডিজিটাল মামলাসহ জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকর ও আধুনিক সিগন্যাল ব্যবস্থাপনা এবং সড়কে যানচলাচলের শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে সরকার রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোকে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসাবে ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ডিএমপির সঙ্গে সমন্বয় করে ঢাকার বিভিন্ন এলাকার ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে।
সিগন্যাল লাইট স্থাপন করা এলাকাগুলো হলো- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ক্রসিং, হোটেল সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং, জাহাঙ্গীর গেট ক্রসিং, গুলশান-২ ক্রসিং ও গুলশান-১ ক্রসিং। এছাড়া মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং), খেজুর বাগান ক্রসিং, জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং, মাজার রোড ক্রসিং, আবুল হোটেল ক্রসিং, মৌচাক ক্রসিং, রায় সাহেব বাজার মোড় ক্রসিং ও লাভরোড ক্রসিংয়ে অস্থায়ীভাবে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আরও ৬টি ক্রসিংয়ে অর্থাৎ হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং ও শাহবাগ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে। যা শিগগিরই চালু হবে।
