ইরানের আবেদন নাকচ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম
ইরান ফুটবল দল। ছবি- এএফপি
নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন। তাদের অনুরোধ ছিল, গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেয়ার। তবে ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, লজিস্টিক ও কৌশলগত কারণে এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ইরানের এই বিশেষ আবেদন ফিফা গ্রহণ করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্ককে আরও উসকে দেয়। ট্রাম্প লিখেছিলেন, নিরাপত্তার খাতিরে ইরানের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নেয়া উচিত হবে না। এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে দল পাঠাবেন না। এমনকি দেশটির ক্রীড়ামন্ত্রীও বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন।
ইরানের পক্ষ থেকে বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে গত ৩১ মার্চ তুরস্কে ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৈঠকে তিনি স্পষ্ট করে দেন যে, ইরানকে নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি ফিফা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে।
২০২৬ বিশ্বকাপে ইরান লড়বে ‘জি’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। ফিফার অনড় অবস্থানের কারণে সূচি অনুযায়ী ইরানের সবগুলো ম্যাচ এখন যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।
