টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, ২ জাপা নেতাকে জরিমানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–৩ আসনের পীরগঞ্জ উপজেলায় ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে দুই জাপা নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোহাগাড়া চাঁদপুর এলাকায় ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাতালের গোডাউন ঘরে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সেখানে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছিলো।
ঘটনাস্থলে উপস্থিত হন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসায়।
ভ্রাম্যমাণ আদালতে ভোমরাদহ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ ধারা অনুযায়ী আশরাফ আলীকে ৫ হাজার টাকা এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
