মুক্তিযুদ্ধমন্ত্রী
আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৫১ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা অর্থ পাচারে জড়াবে না। তিনি জানান, আগের সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১ মে) বিকেলে টাঙ্গাইলের সখীপুরের তালতলা চত্বরে মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। তার দাবি, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে প্রায় ২৮ লাখ কোটি টাকা আনুষ্ঠানিকভাবে এবং আরও প্রায় সমপরিমাণ অর্থ অনানুষ্ঠানিকভাবে পাচার হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলেও স্বল্প সময়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যেই এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। তখন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এবং সরকার তা নিশ্চিত করবে।
আহমেদ আযম খান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষকদের স্বচ্ছলতা এবং শিল্পখাতের পুনর্জাগরণের মাধ্যমে দেশের সব খাত স্বনির্ভর হয়ে উঠবে। এর ফলে বাংলাদেশ বিশ্বে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার এবং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
