রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩৭ পিএম
হোসে মরিনহো। ছবি- সংগৃহীত
রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নাকচ করে দিয়েছেন বর্তমান বেনফিকা কোচ হোসে মরিনহো। ফামালিকাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পর্তুগিজ এই মাস্টারমাইন্ড নিশ্চিত করেন যে, মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে স্প্যানিশ জায়ান্টদের সম্ভাব্য নতুন কোচ হিসেবে মরিনহোর নাম জোরালোভাবে আলোচনায় আসে। তবে রিয়ালের কথিত আগ্রহ নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন,'না, রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমরা ফুটবলে এসব বিষয়ে অভ্যস্ত, কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে কিছুই হয়নি।'
বেনফিকার সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি। আপাতত নিজের বর্তমান ক্লাবেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। আসন্ন ফামালিকাও, স্পোর্টিং ব্রাগা ও এস্তোরিলের বিপক্ষে ম্যাচগুলো নিয়ে কাজ করছেন জানিয়ে মরিনহো বলেন,'রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু নেই। বেনফিকার ব্যাপারে আপনারা পরিস্থিতি জানেন—আমার চুক্তির আরও এক বছর বাকি আছে, এটাই সব।'
ক্লাবে কোচদের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়েও কথা বলেন মরিনহো। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের উদাহরণ টেনে তিনি জানান, একজন কোচ দীর্ঘ সময় থাকলে দলের ওপর নিজের ছাপ রাখার সুযোগ পান। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই পর্তুগিজ আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার চেয়ে মাঠের খেলাকেই প্রাধান্য দিচ্ছেন।
