ব্রিজ ভেঙে খালে ট্রাক, বিচ্ছিন্ন ১০ গ্রামের যোগাযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃৃৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার ভোরে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাচ্ছিল। পথে জোড়াপুল বাজারসংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়।
পরে স্থানীয়রা বেকু ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করলেও সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। ব্রিজটি ভেঙে পড়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী শত শত মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চেচরিরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াতে বিপাকে পড়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মকবুল হোসেন বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ এবং ভেঙে পড়া ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ব্রিজটি মেরামত করে খুব দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।”
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান বলেন, “ব্রিজটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
