×

জাতীয়

অর্থ উপদেষ্টা

সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১২ পিএম

সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

ছবি : সংগৃহীত

সরকার টাকা ছাপিয়ে অর্থনীতি চালাচ্ছে- এমন প্রচারকে ‘ভিত্তিহীন গালগল্প’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বাস্তবে এর কোনো সত্যতা নেই। বর্তমান সরকার বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তিতুমীর বলেন, আগের সময়ে পরিবার, ব্যবসা ও রাষ্ট্র- সবখানেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাবে বহু নিম্নমধ্যবিত্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যায় এবং সামাজিক অস্থিরতা বাড়ে। একই সঙ্গে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে ব্যর্থ হন।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ডে নিয়মিত হস্তক্ষেপ করেছে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। বর্তমান সরকার কোনো খাতকে সিন্ডিকেটনির্ভর করতে চায় না; বরং অর্থনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

অবকাঠামো উন্নয়নের নামে অতীতে বিপুল ঋণ নিয়ে দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, তথ্য বিকৃতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছিল। বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি ও উৎপাদন খরচ বেড়েছে।

তিনি বলেন, আসন্ন বাজেট যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ায় এবং নিম্ন ও মধ্যবিত্তের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতার কথাও তুলে ধরেন তিনি।

প্রাক-বাজেট ছায়া সংসদ প্রতিযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিনিয়র নেতাদের শুভেচ্ছা ও পাশে থাকার আশ্বাস

দীর্ঘ সময় পর বাগেরহাট ছাত্রদলের কমিটি সিনিয়র নেতাদের শুভেচ্ছা ও পাশে থাকার আশ্বাস

নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের হিড়িক

ফটিকছড়ি পৌর সদর নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের হিড়িক

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App