শ্রমিকদের ১ সপ্তাহে ব্যাংক হিসাব ৬ লাখ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১১:১৮ এএম
মাত্র এক সপ্তাহে পোশাক শ্রমিকদের ছয় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই সব কারখানা শ্রমিকের মোবাইল ব্যাংকিং হিসাব শেষ হবে বলে মনে করে বিজিএমইএ।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয় কাটাতে শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠন করেছে। এজন্য পোশাক কারখানার শ্রমিকদের কোনো চার্জ ছাড়া ২০ এপ্রিলের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খুলতে সম্প্রতি এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এ সার্কুলারে কারখানার মালিক-শ্রমিকসহ সব পক্ষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এ হিসাব খুলতে বলা হয়।
আগামী ৩০ এপ্রিলকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসাব খোলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে। বিজিএমইএ হিসাবে, গত ৬ এপ্রিল থেকে মোবাইল ব্যাংকিং নগদে হিসাব খোলা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮৫ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। ৪ এপ্রিল থেকে এখন পর্যম্ত রকেটের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। সর্বোচ্চ হিসাব খোলা হয়েছে বিকাশের মাধ্যমে। গত ৪ এপ্রিল থেকে অ্যাকাউন্ট খোলা শুরু হয় বিকাশের মাধ্যমে। এখন পর্যন্ত নতুন ৩ লাখ ৬০ হাজার নতুন হিসাব খোলা হয়েছে।
জানা গেছে, পোশাক কারখানার অনেক শ্রমিকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকেন। যাদের অ্যাকাউন্ট নেই তাদেরও বেতন-ভাতা দিতেই নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে। সরকারের ঘোষিত প্রণোদনা তহবিলের নীতিমালায় বলা হয়েছে, যেসব কারখানা নিয়মিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছেন তারাই ঘোষিত তহবিলের অর্থ পাবেন।
