ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তেহরানের ওপর চলমান নৌ অবরোধ কঠোরভাবে বজায় রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প দাবি করেন, এই জলপথ এখন সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।
ট্রাম্প তার বার্তায় দাবি করেন, ইরান বর্তমানে চরম অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, দেশটির কট্টরপন্থি ও মধ্যমপন্থি শিবিরের মধ্যে ক্ষমতার লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা জানে না তাদের প্রকৃত নেতা কে। ট্রাম্প লিখেছেন,‘ইরান বর্তমানে কঠিন সময় পার করছে। তাদের কট্টরপন্থিরা যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে হারছে। অন্যদিকে তথাকথিত মধ্যমপন্থিরা কিছুটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই অন্তর্দ্বন্দ্ব এখন পাগলামিতে রূপ নিয়েছে।’
হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই জলপথের ওপর এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে প্রবেশ করতে বা বের হতে পারছে না। ট্রাম্প স্পষ্ট করে দেন, তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মেনে নতুন কোনো চুক্তিতে না আসে, তবে এই অবরোধ প্রত্যাহার করা হবে না।
বিশ্লেষকদের মতে, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পরিবাহিত হয়। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান অবশ্য আগে থেকেই দাবি করে আসছে যে হরমুজ তাদের নিয়ন্ত্রণে।
