মিলন-অর্ষার ‘আজও সেই তুমি’
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৫:০৪ পিএম
আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা
নাট্যনির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা অভিনয় করেছেন ‘আজও সেই তুমি’ নাটকে। তানজিলা আহমেদের গল্পে এটি রচনা করেছেন রাজীব আহমেদ। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে বাংলাদেশে করোনা ভাইরাসে কড়াকড়ি জারির আগেই নাটকটির দৃশ্যায়ন কাজ শেষ হয়েছে।
নাটকের গল্প ও অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ছোট্ট একটি ইস্যু নিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। স্বামী জানে স্ত্রী মা হতে পারবে না। কিন্তু স্বামী যে বিষয়টি জানে সেটা কোনোভাবেই স্ত্রীকে বুঝতে দিতে চায় না স্বামী। স্ত্রী নিজের সম্পর্কে এই বিষয়ে অবগত নয়। যে কারণে স্ত্রী চায় সন্তান নিতে। এই নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর রাগারাগিও হয়, হয় ভুল বুঝাবুঝিও। এমনই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। সকালের কাজ সবসময়ই খুব ভালো হয়, যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা থাকে তার। আর অর্ষার সঙ্গে আমার রসায়নটা চমৎকার।
অর্ষা বলেন, মিলন ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি অন্যরকম আনন্দ পাই। কারণ সহশিল্পীর সঙ্গে যদি ভালো বোঝাপড়া থাকে, তাহলে অভিনয় জমে ওঠে। জানা যায়, নাটকটি আগামী ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে।
