মধ্যরাত থেকে ঘন কুয়াশার আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ছবি: সংগৃহীত
অগ্রহায়ণ মাসের শেষ। সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের প্রকোপ। এরসঙ্গে যোগ হয়েছে কুয়াশা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরো পড়ুন: পাহাড়েও সূর্যের দেখা নেই, জেঁকে বসেছে শীত
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি আরো জানান, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে।
