২১টি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা ভূমিদস্যুদের
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর শহরতলীতে ২১টি হিন্দু পরিবারের রেকর্ডকৃত জমি দখলের অপচেষ্টা করছে ভূমিদস্যুরা। হিন্দু পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে গতকাল সোমবার সকালে টাউন কালিকাপুরের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ওই জমিতে ঘর তুলতে গেলে লাঠিসোটা নিয়ে ভূমিদস্যুরা বাধা দেয়। তারা নিজেদের বিএনপির কর্মী দাবি করে হিন্দু পরিবারের সদস্যদের খুন-জখমসহ দেশ থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দেয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীদের একজন শহরের এ কে এম কলেজের প্রভাষক স্বপন খাসকেল বলেন, ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে এসব হিন্দু পরিবার শহরের টাউন কালিকাপুর এলাকার এস এ ৯৩১ নম্বর খতিয়ানের ২৬৭০ নম্বর দাগে ১ একর ২১ শতাংশ ও ২৬৬৯ দাগে ২৯ শতাংশসহ মোট দেড় একর জমি কবলা দলিলমূলে ক্রয় করেন তারা। ক্রেতারা ওই জমিতে বালু ভরাট করে বাড়ি নির্মাণের উপযোগী করেন। গতকাল সোমবার সকালে জমির মালিকরা তাদের জমিতে ঘর তুলতে গেলে বেল্লাল খান, মনিরুজ্জামান নাসির ও জামাল বিশ্বাস এক দল সন্ত্রাসী নিয়ে তাদের কাজে বাধা দেয়। ভূমিদস্যুরা আমাদের খুন-জখমসহ নানা ধরনের হুমকি দেয়। এমনকি তারা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, এর আগেও এসব ভূমিদস্যু বাধা দিয়েছে। ওই জমিতে ঘর তোলার পরিকল্পনা করতে গত ৯ অক্টোবর আমরা সেখানে গেলে তারা আমাদের নানাভাবে হুমকি-ভয়ভীতি দেখায়। পরে আমরা ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা পটুয়াখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এছাড়া আমরা ২১ পরিবারের সদস্যরা রবিবার দুপুরে পুলিশ সুপারের কাছেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছি এবং এর প্রতিকার দাবি করেছি। জমির আরেকজন মালিক খোকন দে বলেন, আমরা জমির মালিক। কিন্তু আমরা জমির কাছে এলেই এসব ভূমিদস্যু অকথ্য ভাষায় গালাগালসহ নানাভাবে ভয়ভীতি দেখায়। আমরা এর প্রতিকার দাবি করছি। বেল্লাল খান নিজেকে বিএনপি কর্মী বলে পরিচয় দেন। তার দাবি, তিনি এখানে জমি কিনেছেন। তবে ওই জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযুক্ত মনিরুজ্জামান নাসির বলেন, আমিও বিএনপির লোক। আওয়ামী লীগের সময়ে আমরা নানাভাবে হয়রানির শিকার হয়েছি। কিন্তু এখনো হয়রানির শিকার হব এটা মানা যায় না। বেল্লাল ও মনিরুজ্জামান নাসির বিএনপির কোন পর্যায়ের কর্মী জানতে চাইলে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, তারা বিএনপির কেউ নয়। বিএনপির কোনো পদপদবিতে তাদের নাম নেই। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান বলেন, উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
