×

টালিউড

বিজেপি জয়ে মুখ খুললেন টালিউডের তারকারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৩১ এএম

বিজেপি জয়ে মুখ খুললেন টালিউডের তারকারা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে এ বছরের রবীন্দ্রজয়ন্তী অন্য এক কারণেও বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনই বাংলার ক্ষমতার পালাবদল ঘটছে। রাজ্যের শাসনভার যাচ্ছে বিজেপির হাতে, আর নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা এ দিনই শপথ নেবেন।

বাংলায় পদ্মফুল ফুটবে, এমন আভাস নাকি নির্বাচনের আগেই পেয়েছিলেন অনেকে। একসময় যেসব টালিউড তারকা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তাঁরা কি এখন নিজেদের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত? দল সুযোগ দিলে কি তাঁদের ‘ঘর ওয়াপসি’ শুধু সময়ের অপেক্ষা? এমন প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রী পার্নো মিত্র, তনুশ্রী চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং রূপা ভট্টাচার্যকে। খবর আনন্দবাজার পত্রিকার।

ডক্যু-ফিল্ম ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ এর মাধ্যমে প্রযোজনার জগতে পা রেখেছেন পার্নো মিত্র। সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। তাঁর ছবি যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। বর্তমানে সেই প্রস্তুতিতে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।

অন্যদিকে বাকিরা রাজনীতিতে ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, কোনও ধরনের হতাশা বা মনোকষ্টে ভুগছেন না। সুদূর আটলান্টা থেকে তনুশ্রী চক্রবর্তী বলেন, দলের সঙ্গে আমার কোনও দিন বিরোধ হয়নি। আমি নিজেই রাজনীতি ছেড়েছি, কারণ এটা আমার জন্য নয়। একই সঙ্গে এ বিষয়ে আমার জ্ঞানও সীমিত।

তাই দল ছাড়ার জন্য কোনও আক্ষেপ নেই তনুশ্রীর। বরং তিনি মনে করেন, দীর্ঘ সময়ের অত্যাচারের পর এবার বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

কাঞ্চনা মৈত্রের দাবি, তৃণমূল না করায় টালিউডে তাঁকে কার্যত কোণঠাসা করা হয়েছিল। তিনি বলেন, কাজ পাচ্ছিলাম না। অথচ সংসার চালাতে হবে, বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। সেই কারণেই দল ছাড়তে হয়েছিল।

আরো পড়ুন : পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রূপা ভট্টাচার্য ও অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের বক্তব্য, কাজের অভাব এবং রাজনৈতিক আদর্শের অমিল থেকেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি জানান, তাঁর পরিবার বরাবরই বামপন্থী আদর্শে বিশ্বাসী। বাবার কাছেই বামপন্থার শিক্ষা পেয়েছি। পরে আদর্শের অমিলের কারণে বিজেপিতে যোগ দিই, আবার সেখান থেকেও বেরিয়ে আসি। তাঁর কথায়, কোনও অনুশোচনা নেই, আবার রাজনীতিতে ফেরারও ইচ্ছা নেই। প্রয়োজনে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ বা শর্বরী মুখোপাধ্যায়ের মতো পরিচিতদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

রূপা ভট্টাচার্য জানান, যে কারণের জন্য বিজেপিতে যোগ দিয়েছিলাম, সেই কারণটাই তো এখন আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল ক্ষমতা থেকে সরে গিয়েছেন। তাহলে আবার রাজনীতিতে ফিরব কেন? তাই আপাতত রাজনীতি থেকে দূরেই থাকতে চান তিনি।

তবে একসময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পরিচিত মহলের কাছে তাঁদের কিছু প্রত্যাশা রয়েছে কি না—এমন প্রশ্নও উঠেছে। কাঞ্চনা জানান, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, গুণ্ডাগিরি ও রাহাজানিসহ মোট ১৯টি মামলা করেছিল তৃণমূল। একসময় নিয়মিত ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে হতো তাঁকে। তাঁর আশা, সেই মামলাগুলো থেকে মুক্তি মিললে স্বস্তি পাবেন।

ব্যক্তিগত সুবিধার প্রসঙ্গে প্রশ্ন উঠতেই কাঞ্চনা বলেন, মাছ-মাংস খেতে চাইব- এ ধরনের কথা খুবই বোকা শোনায়। চাইলে বাংলার সামগ্রিক উন্নয়নই চাইব। আশা করি নতুন সরকার তা করবে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, রাতারাতি কোনও পরিবর্তন সম্ভব নয়, তার জন্য ধৈর্য ধরতে হবে।

রূপা ও অনিন্দ্যপুলক দু’জনেই টালিউডের উন্নয়ন চান। তাঁদের ইচ্ছা, সবাই যেন সমানভাবে কাজের সুযোগ পান। পাশাপাশি অনিন্দ্যপুলকের প্রস্তাব, একটি আধুনিক ইনস্টিটিউট গড়ে তোলা হোক, যেখানে চিত্রনাট্য, গ্রাফিক্সসহ চলচ্চিত্র জগতের নানা বিষয় শেখানো হবে। তাঁর বিশ্বাস, প্রশিক্ষিত নতুন প্রজন্ম ইন্ডাস্ট্রিতে এলে টালিউডের চেহারাই বদলে যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের লক্ষণ চিনবেন যেভাবে, জানুন বিস্তারিত

হামের লক্ষণ চিনবেন যেভাবে, জানুন বিস্তারিত

বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

মেগা এপিসোড দিয়ে ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি

মেগা এপিসোড দিয়ে ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App