সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্য নিহত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওঁত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক—দুটি দলই সক্রিয় রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা গণমাধ্যমকে বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।’
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে।
