সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯শ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি ও পান্থুমাই বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ির রেনু, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে চানাচুর আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯শ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
