মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ১৬ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩১ পিএম
ছবি- সংগৃহীত
মালয়েশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ দুর্ঘটনায় মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে দেশটির পশ্চিম উপকূলে ইন্দোনেশিয়াগামী এই নৌকাটি ডুবে যায়। মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, গত ১১ মে মালয়েশিয়ার পশ্চিমে পাংকোর দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পেরাকের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পরিচালক মোহাম্মদ শুকারি খোতাব জানান, গত শনিবার (১৬ মে) সন্ধ্যা সাতটায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী ছয় দিন ধরে এই অভিযান চালানো হয়। এলাকায় নতুন কোনো তথ্য বা মরদেহের সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ শুকারি বলেন, জীবিত উদ্ধার হওয়া ২৩ জনই ইন্দোনেশিয়ার নাগরিক। তবে নিহত ১৬ জনের সবাই ইন্দোনেশীয় কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভাগ্য পরিবর্তনের আশায় এই অভিবাসীরা মালয়েশিয়ার পেনাং, তেরেংগানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরের মতো বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন।
কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে নৌকায় ৩৭ জন যাত্রী থাকার কথা বলা হলেও পরে হিসাব করে দেখা যায়, জীবিত ও মৃত মিলিয়ে মোট যাত্রী ছিলেন ৩৯ জন। মালয়েশিয়ান নৌবাহিনী, মেরিন পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে এই উদ্ধার অভিযানে অংশ নেন।
এশিয়ার বিভিন্ন দরিদ্র অঞ্চল থেকে লাখো অভিবাসী কাজের খোঁজে তুলনামূলক সমৃদ্ধ দেশ মালয়েশিয়ায় যান। তাদের অনেকেই অবৈধভাবে নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে কাজ করেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে আরেকটি নৌকা ডুবে ৩৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল।
